দ্য ওয়াল ব্যুরো: ঘরের মাঠে প্রথম দুই ম্যাচে হারের মুখ দেখতে হয়েছিল দু বারের চ্যাম্পিয়নদের। বেশ কিছুদিন বিরতির পর দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে যে এটিকে'কে দেখা গেল তা অনেক আলাদা, অনেক চনমনে। গোলের খিদে, জেতার তাগিদেই দিল্লিকে ঘরের মাঠে হারিয়ে মরশুমের প্রথম জয় ঘরে তুললো স্টিভ কপেলের দল।
এ দিন প্রথম একাদশে কিছু পরিবর্তন করেছিলেন এটিকে কোচ। বলবন্ত সিংকে উইঙ্গারের ভূমিকা থেকে তুলে এনে স্ট্রাইকারের জায়গায় ফেরত এনেছিলেন। মাঝমাঠে অধিনায়ক লাঞ্জারতের সঙ্গে জুড়ে দিয়েছিলেন এভারটন সান্তোসকে। আর প্রথম থেকে রেখেছিলেন কালু উচেকে।
ফলে শুরু থেকেই দাপট ছিল এটিকে'র। প্রথম ১৫ মিনিটেই দুবার গোল করার মতো জায়গায় পৌঁছে গেছিলেন কালু উচে। কিন্তু গোলকিপারের দক্ষতায় গোল হয়নি। ২০ মিনিটের মাথায় বক্সের বাঁদিকে থেকে বল ধরে নিজের মার্কারকে কাটিয়ে ডান পায়ের দুরন্ত ইনস্টেপে বল জালে জড়িয়ে দেন বলবন্ত সিং। এটিকে এগিয়ে যায় ১-০ গোলে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই অবশ্য ম্যাচে ফেরে দিল্লি। কর্নার থেকে ফিরতি বলে হেডে গোল করে সমতা ফেরান দিল্লি অধিনায়ক বঙ্গতনয় প্রীতম কোটাল। তারপর দুই পক্ষই অনেক সুযোগ তৈরি করলেও গোল আসছিল না। ঠিক যখন মনে হচ্ছে ড্র হতে চলেছে ম্যাচ, তখনই মিশরীয় নাসির এল মাইমনি বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে গোলকিপারের ডানদিক দিয়ে বল জালে জড়িয়ে দেন। আর ম্যাচে ফিরতে পারেনি দিল্লি। ২-১ গোলে জিতে যায় কলকাতা।
এ দিনের জয়ের ফলে চলতি আইএসএলে নিজের পয়েন্টের খাতা খুললো অ্যাতলেটিকো ডি কলকাতা। সেইসঙ্গে এটিকে সমর্থকদের পুজোর আনন্দ যেন দ্বিগুণ হয়ে গেল এ দিনের জয়ে।