দ্য ওয়াল ব্যুরো: ময়দানে ফিরেই বাজিমাত করলেন বাঙালি জিমন্যাস্ট দীপা কর্মকার। তুরস্কের মেসিনে বিশ্ব আর্টিস্টিক জিমন্যাস্টিক্স চ্যালেঞ্জ কাপে ভল্ট ইভেন্টে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতেছেন তিনি। ফাইনালে ১৪.১৫০ স্কোর করেন দীপা।
এ দিন টুইট করে তাঁকে অভিনন্দন জানিয়েছেন, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
https://twitter.com/BjpBiplab/status/1015945342146129922
২০১৬'র রিও অলিম্পিকে ফাইনাল ইভেন্টে ১৪.১৫০ স্কোর করেন। অল্পের জন্য হাতছাড়া হয় রুপোর পদক। তবে তাতে দমে যাননি দীপা। বরং ফিরে এসেই জিতে নিয়েছেন সোনা।
গত বছরের অলিম্পিকের পর চোটের জন্য দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন ত্রিপুরার এই জিমন্যাস্ট। লিগামেন্টে চোট পেয়েছিলেন তিনি। হয়েছিল অস্ত্রোপচার। প্রায় ১ বছর ধরে চলেছিল রিহ্যাব। তবে মনের জোরে চোট সারিয়ে ফের মাঠে ফিরেছিলেন তিনি। কিন্তু অনেকদিন পর ট্র্যাকে ফিরে তিনি পুরনো ফর্মে থাকবেন কিনা তা নিয়ে সন্দেহ ছিল অনেকের মনেই।
সেই সব সন্দেহ উড়িয়ে দিয়ে সোনা জিতে নিলেন বছর ২৪'এর এই জিমন্যাস্ট। রিও অলিম্পিকের পর এই প্রথম কোনও আন্তর্জাতিক ইভেন্টে নেমেছিলেন তিনি। জানা গিয়েছে, এরপর এশিয়ান গেমসেও যোগ দেবেন দীপা।