
শেষ আপডেট: 20 April 2024 12:02
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: ফলাফল ঘোষণা হতে এখনও দেড়মাস। তবে ভোট মিটতেই জলপাইগুড়িতে বিজয় মিছিল বার করল তৃণমূল। শুক্রবার রাতেই প্রার্থী ডাক্তার নির্মলচন্দ্র রায়কে সামনে রেখে শুরু হয় বিজয় মিছিল। তৃণমূলের জেলা সভাপতি মহুয়া গোপও ছিলেন এই মিছিলে।
ডাক্তার নির্মলচন্দ্র রায় বলেন, "জলপাইগুড়ির মায়েরা দু'হাত তুলে আশীর্বাদ করেছেন। আর এর মূল কারণ লক্ষ্মীর ভাণ্ডার। বিজেপি প্রার্থী যেইভাবে দিনভর মিথ্যা অভিযোগ করে বেড়ালেন তা দেখে আমরা নিশ্চিত জলপাইগুড়ি লোকসভা আসন আমরা পুনরুদ্ধার করছি। বিপুল ভোটে আমরা এই আসনে জিতব।" তৃণমূলের জেলা সভাপতি মহুয়া গোপও দাবি করেন, জলপাইগুড়ি আসনে তাঁদের প্রার্থী এবার রেকর্ড মার্জিনে জিতবেন। ভোটের দিন মানুষের সাড়া দেখেই তা বুঝেছেন তাঁরা।
তবে তৃণমূলের বিজয় মিছিলকে কটাক্ষ করে বিজেপি প্রার্থী ডাক্তার জয়ন্তকুমার রায় দাবি করেন গণনার দিন দেওয়ার মতো লোক পাবে না তৃণমূল। তিনি বলেন, "এ সবই আসলে তৃণমূলের ছক। অন্যান্য জায়গার ভোট এখনও বাকি। সেখানকার মানুষের মনে প্রভাব ফেলতেই ফলাফল ঘোষণার আগেই বিজয়মিছিল বার করেছে।" তার দাবি, তৃণমূলের দুর্নীতিতে অতিষ্ট মানুষ। রাজ্যে কোনও কর্মসংস্থানের ব্যবস্থা নেই। হতাশ মানুষ বিজেপির পক্ষে রায় দিয়েছে। এই বিজয় মিছিলের পরে লজ্জায় আর তৃণমূলের লোকজন মুখ দেখাতে পারবেন না বলেও মন্তব্য করেন তিনি।
শুধু জলপাইগুড়ি নয়, প্রথমদফার ভোটের পরেই তৃণমূল বিজয় মিছিল করে কোচবিহারেও। তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিকের দাবি, ‘‘মানুষের রায় আমরা পড়ে ফেলেছি। কোচবিহারে তৃণমূলের জয় নিশ্চিত, সেটা ভোটের লাইনই বুঝিয়ে দিয়েছে। তাই কর্মীরা এই মিছিলের আয়োজন করেছেন।" কোচবিহারে বিজয়মিছিল বার করে বিজেপিও। বিজেপির কোচবিহারের জেলা সম্পাদক বিরাজ বসুর দাবি, ‘‘গতবারের থেকেও বেশি ভোটের ব্যবধানে নিশীথ প্রামাণিক জিতবেন। গরমকে উপেক্ষা করে মানুষ স্বতস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। এই ভোটের ফল আমাদেরই অনুকুলে যাবে, তাই এই মিছিলের আয়োজন।"