
উরুগুয়ের হয়ে গোলের পরে উল্লাস ডারউইন নুনেজের।
শেষ আপডেট: 28 June 2024 16:51
দ্য ওয়াল ব্যুরো: জমে উঠেছে কোপা আমেরিকা। ভারতে সরাসরি টিভি সম্প্রচার না হলেও ইন্টারনেটে অনেকেই কোপা-জ্বরে বুঁদ। রাতে ইউরো বা টি২০ বিশ্বকাপ দেখে রাতের ঘুমের সঙ্গে কার্যত পাঙ্গা লড়ে সাতসকালে কোপার সামনে বসে পড়ছেন বাঙালি ফুটবলপ্রেমীরা। তাঁদের আজ নিরাশ করেনি কোপা। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ভারতীয় সময় আজ ভোররাতে বলিভিয়ার বিরুদ্ধে গোলের বন্যা বইয়ে দিয়েছে উরুগুয়ে। গ্রুপ সি ম্যাচে আজ বলিভিয়াকে ৫ গোল মেরে গ্রুপ শীর্ষে থেকে নকআউটে গিয়েছে উরুগুয়ে।
ম্যাচের আট মিনিটে গোল-শো শুরু করেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ফাকুন্দো পেলিস্ত্রি। একুশ মিনিটে বাঁ পায়ের জোরালো শটে দ্বিতীয় গোল করেন ডারউইন নুনেজ। আর ম্যাচে ফিরতে পারেনি বলিভিয়া। প্রথমার্দ্ধে আর গোল হয়নি। তবে দ্বিতীয়ার্ধে আবার আক্রমণাত্মক খেলা শুরু করে উরুগুয়ে। সাতাত্তর মিনিটে উইঙ্গার ম্যাক্সিমিলিয়ানো আরাউজো ব্যবধান বাড়িয়ে দেন তিন গোলে। তারপরেও খামতি দিতে চাননি মার্সেলো বিয়েলসা। ফুটবলদুনিয়ার অন্যতম তুখোড় কোচ বলে পরিচিত বিয়েলসা গত বছর থেকে উরুগুয়ের দায়িত্বে আছেন। একাশি মিনিটে রিয়াল মাদ্রিদে খেলা ফেডারিকো ভালভার্দে ও খেলা শেষ হওয়ার কয়েক মিনিট আগে রডরিগো বেন্তানকুর আরও দু'টি গোল করে যান।
গ্রুপের অন্য ম্যাচে আবার চমক দিয়েছে পানামা। দুই আমেরিকা মহাদেশের সংযোগস্থলে অবস্থিত ছোট্ট দেশ পানামার প্রতিপক্ষ ছিল আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র। ২-১ গোলে আমেরিকাকে হারিয়ে দিয়েছে পানামা। আটলান্টার মার্সিডিজ বেঞ্জ এরিনাতে এই ম্যাচ ঘিরে কার্যত তুলকালাম হয়ে যায়। অজস্র ফাউল, একাধিকবার খেলোয়াড়দের মধ্যে অসন্তোষ থামাতে হয় রেফারিকে। ১৮ মিনিটের মাথায় লালকার্ড দেখেন আমেরিকার টিম ঊইয়াহ। শুরুতে অবশ্য আমেরিকাই এগিয়ে গিয়েছিল। মোনাকোয় খেলা মার্কিন ফরোয়ার্ড ফোলারিন বালোগুন ২২ মিনিটের মাথায় গোল করে এগিয়ে দেন। কিন্তু চার মিনিটের মাথাতেই সমতা ফেরান পানামার সিজার ব্ল্যাকম্যান। বাকি ম্যাচ জুড়ে প্রায় একচ্ছত্র আধিপত্য রেখেছিল পানামা। বল দখলে এগিয়ে ছিল তারা। গোলে শট মেরেছে ১৩টা। সেখানে মার্কিন স্ট্রাইকররা মাত্র ছয়টি শটেই ক্ষান্ত হয়েছেন। এমনকি ৮৮ মিনিটে পানামার আদালবের্তো ক্যারাকুইলা লালকার্ড দেখলেও কোনও সুবিধে তুলতে পারেনি আমেরিকা।
ম্যাচের পরে চাপে পড়ে গিয়েছে আমেরিকা। একে তো টিম পরের ম্যাচে খেলতে পারবেন না। তার ওপর উরুগুয়ে বলিভিয়ার বিরুদ্ধে পাঁচ গোল দেওয়ায় আমেরিকাকে পরের ম্যাচে জিততেই হবে। এদিকে পরের ম্যাচই পড়েছে উরুগুয়ের বিরুদ্ধে। একাধিক বড় ক্লাবের ফুটবলাররা রয়েছেন। বিয়েলসার দলের মহড়া নেওয়া সোজা কথা নয়। আপাতত পয়েন্ট টেবিলের যা অবস্থা, তাতে আমেরিকা উরুগুয়ের বিরুদ্ধে হারলে আর পানামা বলিভিয়াকে হারালে নকআউটে চলে যাবে পানামা। ড্র করলেও পানামা ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে। সব মিলিয়ে জমে গিয়েছে লড়াই।