
শেষ আপডেট: 18 May 2022 11:30
দ্য ওয়াল ব্যুরো: টেলি অভিনেত্রী পল্লবী দে'র (pallabi dey) মৃত্যু রহস্যের তদন্তে গ্রেফতার করা হয়েছিল সাগ্নিক চক্রবর্তীকে। ধৃত সাগ্নিককে এদিন আলিপুর আদালতে তোলা হলে ৯ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তের স্বার্থে পুলিশ নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছিল। সেই আবেদনের ভিত্তিতেই এই নির্দেশ দিল আদালত।
এদিন দুপুর ১২ টা নাগাদ আলিপুর আদালতে তোলা হয় সাগ্নিককে। যদিও এদিন সাগ্নিনেকের আইনজীবী আদালতে জামিনের আবেদন জানান কিন্তু সেই আবেদন খারিজ করেন বিচারপতি। এদিন পল্লবীর পক্ষের আইনজীবী জানান, যেদিন পল্লবীর মৃত্যু হয়েছে সেদিন ফ্ল্যাটে আর কেউ ছিল কিনা তা তদন্ত করে দেখা প্রয়োজন।
পল্লবীর মৃত্যু রহস্য ক্রমে জটিল হচ্ছে। প্রতিদিনই কোনও না কোনও নতুন দিক উন্মোচন হচ্ছে। বুধবার সকালেই পল্লবীর ফ্ল্যাটের পরিচারিকা থানায় হাজিরা দেন। তিনিই জানান, " বউদি (পড়ুন পল্লবী দে) বাড়ি না থাকলে বাড়ি না থাকলে ফ্ল্যাটে আসতেন ঐন্দ্রিলা।" তিনি আরও জানিয়েছেন, সাগ্নিকের সঙ্গে ঐন্দ্রিলার ঘনিষ্ট সম্পর্ক খুব একটা ভাল লাগত না তাঁর।
রবিবার নিজের ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় পল্লবীকে। মেয়ের মৃত্যুতে প্রেমিক সাগ্নিকের দিকেই অভিযোগের আঙুল তুলেছে পল্লবীর পরিবার। প্রতারণা, টাকা তছরুপ, শারীরিক নির্যাতন ও খুনের অভিযোগ দায়ের করেন পল্লবীর বাবা।
সেই অভিযোগের ভিত্তিতে সোমবার রাত থেকে দফায় দফায় জেরা করার পর মঙ্গলবার বিকেলে গড়ফা থানার পুলিশ গ্রেফতার করে। মূলত সাগ্নিকের আয় ব্যয়ের হিসাবে গরমিল মেলায় পুলিশের সন্দেহ হয়। পুরো বিষয় খতিয়ে দেখার জন্যই নিজেদের হেফাজতে চেয়েছিল পুলিশ।
পল্লবী বাড়ি না থাকলে প্রায়ই ফ্ল্যাটে আসত ঐন্দ্রিলা! বিস্ফোরক পরিচারিকা