
শেষ আপডেট: 17 May 2022 13:56
দ্য ওয়াল ব্যুরো: টেলি অভিনেত্রী পল্লবী দে (Pallabi Dey) মৃত্যুর ঘটনায় নয়া মোড়। প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হল তাঁর লিভ-ইন পার্টনার সাগ্নিক চক্রবর্তীকে। সাগ্নিকের বিরুদ্ধে পল্লবীকে প্রতারণা ও খুনের অভিযোগ দায়ের করেছিল মৃত অভিনেত্রীর পরিবার। তাঁরা জানিয়েছিলেন তাঁদের মেয়ে আত্মহত্যা করতেই পারে না। এবার সাগ্নিককে গ্রেফতার করে জেরা করবে পুলিশ।
আরও পড়ুন: পরেশের মেয়ের শিক্ষিকার চাকরিতে জালিয়াতির অভিযোগ, সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের
সাগ্নিক এবং পল্লবী দুজনের বাড়িই হাওড়ায়। কিছুদিন ধরে তাঁরা গড়ফার বাড়িতে লিভ-ইন সম্পর্কে থাকছিলেন। কিন্তু রবিবার সেখান থেকে পল্লবীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সাগ্নিকের দাবি, তিনি সিগারেট কিনতে বেরিয়েছিলেন, ফিরে দেখেন সিলিং থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছেন পল্লবী। তিনিই পুলিশে খবর দেন।
এই খবর সামনে আসতেই তোলপাড় পড়ে যায় টলিপাড়ায়। তরুণী অভিনেত্রীর এমন অস্বাভাবিক মৃত্যু মানতে পারছেন না কেউ। পল্লবীর বাবা এবং মা সোমবার গড়ফা থানায় গিয়ে খুনের অভিযোগ দায়ের করেন। সাগ্নিক এবং তাঁর বান্ধবী ঐন্দ্রিলার বিরুদ্ধে অভিযোগ করেন তাঁরা। অভিযোগ, পল্লবীর অবর্তমানে নাকি ঐন্দ্রিলাকেই বাড়িতে আনত সাগ্নিক। তাদের সম্পর্কের জন্যেই অশান্তি চলছিল পল্লবী-সাগ্নিকের। যদিও এসব অভিওগ উড়িয়ে দিয়ে ঐন্দ্রিলা বলেন, সাগ্নিকের সঙ্গে তাঁর কোনও যোগাযোগই নেই। সন্ধেবেলা পল্লবীর প্রেমিককে গ্রেফতার করল গড়ফা থানার পুলিশ।