দ্য ওয়াল ব্যুরো: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে এ বার নয় মোড়। অভিনেতার ঘনিষ্ঠ বান্ধবী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে পাটনায় এফআইআর দায়ের করেছেন সুশান্তের বাবা। তাঁর অভিযোগ, সুশান্তর থেকে প্রচুর টাকা নিয়েছিলেন রিয়া। এবং রিয়াই ক্রমশ সুশান্তকে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছে বলে অভিযোগ করেছেন অভিনেতার বাবা কৃষ্ণ কুমার সিং। যদিও মুম্বই পুলিশকে তিনি জানিয়েছিলেন যে রিয়ার ব্যাপারে কিছু জানেন না। এমনকি অঙ্কিতা ছাড়া তাঁর ছেলের আর কোনও সম্পর্ক হয়েছিল কিনা সে ব্যাপারেও কিছু জানেন না বলেই পুলিশকে জানিয়েছিলেন অভিনেতার বাবা।
সুশান্তের মৃত্যুর পর তদন্ত শুরু করেছিল মুম্বই পুলিশ। প্রায় দেড় মাস ধরে অভিনেতার মৃত্যুর তদন্ত করছেন মুম্বই পুলিশের তদন্তকারী আধিকারিকরা। এ বার মুম্বই পুলিশের পাশাপাশি বিহার পুলিশও সিদ্ধান্ত নিয়েছে তারা সুশান্তের মৃত্যুর তদন্ত করবে। এর আগে রিয়াকে জিজ্ঞাসাবাদ করেছে মুম্বই পুলিশ। বান্দ্রা থানায় প্রায় চার ঘণ্টা ধরে জেরা করা হয় তাঁকে। রেকর্ড হয় মডেল-অভিনেত্রীর বয়ান। পুলিশ সূত্রে খবর, রিয়া জানিয়েছিলেন যে ২০১৫ সালে যশ রাজ ফিল্মসের সঙ্গে কন্ট্রাক্ট ভেঙে দিয়েছিলেন সুশান্ত। এরপর রিয়াকেও একই কাজ করার পরামর্শ দিয়েছিলেন।
সুশান্ত এবং রিয়া ডেট করছেন এ কথা বলিউডের ওপেন সিক্রেট হলেও এ নিয়েও প্রকাশ্যে কখনওই মুখ খোলেননি দুই তারকা। সুশান্তের মৃত্যুর পর তাঁর ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া ডায়েরি থেকে পুলিশ জানতে পারে যে অভিনেতার কোম্পানির অংশীদার ছিলেন রিয়া এবং তাঁর ভাই শৌভিক। মাঝে আবার শোনা গিয়েছিল যে, সুশান্তর থেকে টাকা নিয়েই নাকি কর্মসূত্রে ইউরোপ গিয়েছিলেন রিয়া। আবার শোনা গিয়েছিল, মনোবিদের কাছেও সুশান্তকে নাকি নিয়ে যেতেন রিয়াই। তবে সূত্রের খবর, মুম্বই পুলিশকে জেরায় সুশান্তের কয়েকজন বন্ধুবন্ধব নাকি জানিয়েছেন যে রিয়ার আচরণে বেশ বিরক্ত ছিলেন অভিনেতা। ঘনিষ্ঠ মহলে নাকি এ নিয়ে ক্ষোভ প্রকাশও করেন সুশান্ত।
গত ৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ। ময়নাতদন্তের রিপোর্টে বলা হয় অভিনেতা আত্মহত্যা করেছেন। গলায় ফাঁস লাগার ফলে দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে তাঁর। অভিনেতার আকস্মিক এবং মর্মান্তিক পরিণতির পর বারবার ঘুরেফিরে এসেছে রিয়া চক্রবর্তীর নাম। মুম্বই পুলিশও জানিয়েছিল এই তদন্তে রিয়ার বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বার পাটনা থানায় রিয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন সুশান্তর বাবা। সূত্রের খবর, পাটনা থেকে পুলিশের চার সদস্যের দল ইতিমধ্যেই মুম্বই পৌঁছে গিয়েছেন।