সোহিনী চক্রবর্তী
হ্যালুসিনেশন। এ এক মারাত্মক রোগ। মনের মধ্যে ভিড় করে হাজারো চিন্তা। বাসা বাঁধে একরাশ ভয়-আতঙ্ক। হ্যালুসিনেশনের জেরে স্বাভাবিক মানসিক স্থিতি পর্যন্ত খুইয়ে ফেলতে পারেন একজন। তবে অনেকসময়ই সাদা চোখে যাকে হ্যালুসিনেশন বা মতিভ্রম বলে মনে হয়, বাস্তবে তার পিছনে থাকে অন্য গল্প। সবটাই আদপে চোখের বা মনের ভুল হয় না।
অনেকক্ষেত্রেই লেখকদের জীবনে চরম বিপর্যয় ডেকে আনে এই হ্যালুসিনেশন। কারণ মানুষ মাত্রই দ্বৈত সত্তা থাকে। আর লেখকদের ব্যাপারে সেটা খানিক বেশিই। নিজের সৃষ্টি, হাতেগড়া চরিত্রদের নিয়ে একটা আলাদা জগত থেকে তাঁদের। বাস্তবের দুনিয়ার সঙ্গে তার অমিল প্রচুর।
এমনই এক লেখকের গল্প নিয় আসছে হইচই-এর নতুন ওয়েব সিরিজ 'শব্দজব্দ'। পরিচালনায় সৌরভ চক্রবর্তী এবং তাঁর প্রযোজনা সংস্থা ট্রিকস্টার স্প্যান প্রোডাকশনস। 'কার্টুন', 'ধানবাদ ব্লুজ'-এর পর হইচই-এর সঙ্গে এটা সৌরভের তৃতীয় কাজ। ইতিমধ্যেই টিজার শেয়ার করেছেন অমিতাভ বচ্চন। রিলিজ হয়েছে ট্রেলর। আগের দুই ওয়েব সিরিজের পর দর্শক মহলের প্রত্যাশাও তুঙ্গে। তাই নিজের নতুন কাজে চমকের পর চমক রেখেছেন সৌরভ। ওয়েব সিরিজকে অন্য মাত্রায় নিয়ে যাওয়া ট্রিকস্টারের অন্যতম বৈশিষ্ট্য। এবারেও বদল হয়নি ট্রেন্ড। আবহ সঙ্গীত এবং বাকি মিউজিকের ক্ষেত্রেও খুব যত্নবান নির্মাতারা। 'শব্দজব্দ'-র সঙ্গীত পরিচালনায় রয়েছেন অমিত যশ।
বহুদিন পর বাংলা ছবিতে ফিরছেন রজত কাপুর। সৌরভের ওয়েব সিরিজের মূল চরিত্রে রয়েছেন তিনিই। বেস্ট সেলারের লেখক, যিনি সারাক্ষণ বুঁদ থাকেন নিজের গল্পের চরিত্রদের নিয়ে। বাউন্ডুলে লেখক চান গভীর ভাবে একটা প্রেমের সম্পর্কে জড়াতে, যাতে তাঁর গোছানো জীবনে তুফান আসে।
এ হেন লেখকের জীবনে আচমকাই শুরু হয় নানা অদ্ভুত ঘটনা। বাকিদের কাছে সেসব নিছক চোখের ভুল বলে মনে হলেও লেখকের মনে হয় এসব তাঁর জীবনে ধ্রুব সত্য। মাঝে মাঝে তাঁর মনে হয় কোনও ভয়ানক রোগের শিকার তিনি। কাছের মানুষের মধ্যে সেই রোগ ছড়িয়ে পড়ার ভয়ও পান লেখক।
সব মিলিয়ে এক চমৎকার থ্রিলারের মোড়কে নিজের নতুন ওয়েব সিরিজ নিয়ে আসছেন সৌরভ। ট্রেলর দেখেই আন্দাজ এ গল্পের পরতে পরতে রয়েছে থ্রিল। আর ক্লাইম্যাক্সে সব যুক্তির উর্দ্ধে গিয়ে পরিচালক রহস্যের খোলসা করবেন এমনটাই অনুমান দর্শকদের।
রজত কাপুর ছাড়াও 'শব্দজব্দ'-তে রয়েছেন পায়েল সরকার, সুব্রত দত্ত, মুমতাজ সরকার, কঙ্কনা চক্রবর্তী এবং সালোনি পাণ্ডে। তবে দর্শকদের নজর কেড়েছেন রজত কাপুর এবং তাঁর ঝরঝরে বাংলা উচ্চারণ। আপাতত রিলিজের অপেক্ষায় 'শব্দজব্দ'। রহস্যের জট এবার কেমন ভাবে খুলেছেন পরিচালক সৌরভ আপাতত সেদিকেই নজর সকলের।
দেখুন ট্রেলর
https://youtu.be/VlOapQDDYzc