
বিচারপতি যশবন্ত বর্মা। ফাইল ছবি।
শেষ আপডেট: 28 March 2025 15:50
দ্য ওয়াল ব্যুরো: বাড়িতে টাকার পাহাড় কাণ্ডে বিচারপতি যশবন্ত বর্মার বিরুদ্ধে এফআইআর করার আর্জি গ্রহণই করল না সুপ্রিম কোর্ট। শুক্রবার আর্জি খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি অভয় ওকা এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইঞা জানিয়ে দেন, আগে অভ্যন্তরীণ তদন্ত শেষ হোক। দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি যশবন্ত বর্মার সরকারি বাসভবনে আগুন লেগে যাওয়ার পর তাঁর বাড়ি থেকে বিপুল নগদ অর্থ উদ্ধার হয় বলে অভিযোগ। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁর বিরুদ্ধ এফআইআর করা হোক, এই মর্মে একটি আবেদনের শুনানি ছিল এদিন।
বেঞ্চ এদিন বলেছে, অভ্যন্তরীণ তদন্তে যদি বিচারপতি বর্মা দোষী হন, তাহলে দেশের প্রধান বিচারপতি যশবন্ত বর্মার বিরুদ্ধে মামলা দায়েরের অনুমতি দিতে পারেন। অথবা তাঁকে বরখাস্তের জন্য সরকারের কাছে সুপারিশ করতে পারেন। কিন্তু তার আগে এই বিষয়ে পদক্ষেপ করার কোনও ভিত্তি নেই। অভ্যন্তরীণ তদন্ত যেহেতু চলছে, তাই অনেক কিছু বেরিয়ে আসতে রিপোর্টে।
সুপ্রিম কোর্ট গঠিত তিন সদস্যের কমিটি খুব শীঘ্রই দেখা করবে বিচারপতি বর্মার সঙ্গে। কমিটির মুখোমুখি হওয়ার আগে বিচারপতি যশবন্ত বর্মা প্রবীণ আইনজীবীদের সঙ্গে আলোচনা করছেন। কৌঁসুলি সিদ্ধার্থ আগরওয়াল, মানেকা গুরুস্বামী, অরুন্ধতী কাটজু ও তারা নারুলা বিচারপতি বর্মার লুটিয়েনস দিল্লির বাড়িতে গিয়ে দেখা করেন।