
ফাইল ছবি
শেষ আপডেট: 13 November 2024 08:55
দ্য ওয়াল ব্যুরো: ঝাড়খণ্ডে শুরু হল প্রথম দফার বিধানসভা নির্বাচন। সকাল ৭টা থেকে ৪৩টি বিধানসভা আসনে চলছে ভোটাভুটি। ভোট কর্মীরা নির্ধারিত সময়ে ভোটকেন্দ্রে পৌঁছেছেন। নির্বাচন কমিশন ভোট প্রক্রিয়ায় নজরদারি চালাচ্ছে৷ নিরাপত্তার দিকটিও খতিয়ে দেখছে প্রশাসন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৬৮৩ জন প্রার্থী। বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোট।
কমিশনের তথ্য অনুযায়ী, প্রথম দফায় মোট ১৫,৩৪৪টি বুথে ভোটগ্রহণ শুরু হয়েছে। মাওবাদী প্রভাবিত এলাকার জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।
ঝাড়খণ্ডে মোট ৮১টি বিধানসভা আসন রয়েছে। প্রথম দফায় ৪৩ আসনে শুরু হয়েছে ভোট। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এলইডির সঙ্গে জোট বেঁধে সরকারে ছিল৷ এবার রীতিমতো ঝাড়খণ্ডের মাটিতে রীতিমতো কঠিন লড়াই। এবার পাশা ওল্টাতে মরিয়া বিজেপি। গেরুয়া শিবির স্থানীয় রাজনৈতিক দলগুলির সঙ্গে জোট করেছে৷ অন্যদিকে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, কংগ্রেস, আরজেডি ও বামেরা একজোট হয়ে ভোট লড়ছে।
ঝাড়খণ্ড বিধানসভায় সরকার গঠনে ম্যাজিক ফিগার ৪২। ২০১৯ সালে ঝাড়খণ্ডে মহাজোট হয়েছিল জেএমএম, কংগ্রেস, আরজেডির। ৩৫ শতাংশের বেশি ভোট পেয়ে সরকার গঠন করে তারা। মুখ্যমন্ত্রী হন হেমন্ত সোরেন। চলতি বছর বিজেপি ও আরএসএস হেমন্ত সোরেনের রাজ্যে জোরালো প্রচার চালিয়েছে। দুর্নীতি, অনুপ্রবেশ সহ একাধিক ইস্যুকে হাতিয়ার করেছে তারা।
এদিন শুধু ঝাড়খণ্ড নয়, বাংলার ছয়টি আসন ছাড়াও, দেশের আরও ১৫টি রাজ্যের ৪৮টি বিধানসভা এবং দুটি লোকসভা আসনে উপনির্বাচন হচ্ছে। মহারাষ্ট্রের নান্দেড় এবং কেরলের ওয়েনাড় লোকসভা আসনেও সকাল থেকে শুরু হয়েছে ভোটাভুটি। ওয়েনাড় আসনটি কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর পদত্যাগের কারণে শূন্য হয়েছে।
একাধিক সমীক্ষায় উঠে এসেছে চলতি বছর ঝাড়খণ্ডে এবার এনডিএ শিবির ক্ষমতা দখল করতে পারে। ৪৫ থেকে ৫০ টি আসন তারা জিততে পারে। অন্যদিকে হেমন্ত সোরেনের নেতৃত্বে থাকা জোট ১৮ থেকে ২৫ টি আসনে জিততে পারে।
আগামী ২০ নভেম্বর দ্বিতীয় দফার ভোট। সেদিন বাকি ৩৮ টি আসনে ভোট হবে। আগামী ২৩ তারিখ ঝাড়খণ্ডের ফলপ্রকাশ।