
শেষ আপডেট: 5 October 2023 18:47
দ্য ওয়াল ব্যুরো: পুকুর চুরি গেছে, হামেশাই শোনা যায়। কিন্তু আস্ত বাসস্ট্যান্ড চুরি গেছে, এমন কথা শুনেছেন কি? ঝা চকচকে বাস স্ট্যান্ড! সন্ধেবেলাতেও স্থানীয়রা সেই নতুন বাস স্ট্যান্ড দেখতে পেয়েছিলেন। কিন্তু সকাল হতেই সব শুনশান। গোটা বাসস্ট্যান্ডটাই হাওয়া! প্রথমে ব্যাপারটা বুঝতে পারেননি কেউই, পরে বোঝা গেল বাসস্ট্যান্ডটাই চুরি গেছে!
ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর চুন্নিংঘাম রোডে। বেঙ্গালুরু মেট্রোপলিটন ট্রান্সপোর্ট কর্পোরেশন(বিএমটিসি) নতুন করে ওই এলাকায় একটি বাসস্ট্যান্ড তৈরি করেছিল। নতুন বাসস্ট্যান্ড তৈরি করতে খরচ পড়েছিল ১০ লাখ টাকা। সেই বাসস্ট্যান্ডই চুরি গেছে বলে অভিযোগ!
বিএমটিসি-র একজন কর্তা এন রবি রেড্ডি বাসস্ট্যান্ড চুরির অভিযোগ জানিয়েছেন থানায়। গত ৩০ সেপ্টেম্বর থানায় লিখিত অভিযোগ করেন তিনি। পুলিশ সূত্রে খবর, এই ঘটনাটি ঘটেছে মাস খানেক আগে।
কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা এখনও জানা যায়নি। চোরদের হঠাৎ কেন বাসস্ট্যান্ডের দিকে নজর পড়ল, সেই প্রশ্নই জেগেছে সাধারণ মানুষের মনে। সেইসঙ্গে কীভাবে একটি আস্ত বাসস্ট্যান্ড চুরি হয়ে গেল, তা ভাবাচ্ছে পুলিশকে।
বাসস্ট্যান্ড চুরি যাওয়ার ঘটনা বেঙ্গালুরুতে নতুন নয়। ২০১৫ সালে দুপানাহালিতে হরিজন স্কুলের কাছের একটি বাসস্ট্যান্ড এমনভাবেই রাতারাতি চুরি গিয়েছিল। ২০১৪ সালে রাজারাজেশ্বরী এলাকার একটি ২০ বছরের বাসস্ট্যান্ড চুরি করেছিল চোরেরা!