
অক্ষয় শিন্ডে
শেষ আপডেট: 23 September 2024 20:27
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডকে কেন্দ্র করে গোটা দেশ যখন প্রতিবাদে উত্তাল, তারই মধ্যে মহারাষ্ট্রের বদলাপুরে দুই স্কুল ছাত্রীকে যৌন নিগ্রহ করা হয়েছিল। সেই ঘটনায় আগুন জ্বলেছিল মহারাষ্ট্র জুড়ে। সোমবার বদলাপুর কাণ্ডে প্রধান অভিযুক্তকে এনকাউন্টারে মারল পুলিশ।
অভিযোগ পুলিশের এক অফিসারের রিভলবার ছিনিয়ে নিয়ে গুলি করে ছিল অক্ষয় শিন্ডে। তার পর পাল্টা পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে তার। মহারাষ্ট্রে বিধানসভা ভোট আসছে। তার আগে বদলাপুরের ঘটনায় চাপ বাড়ছিল শিন্ডে সরকারের উপর। সোমবারের ঘটনাকে তাই সবাই যে সহজ ও সাদা চোখে দেখবেন তা নাও হতে পারে।
বদলাপুরের একটি ইংরেজি মাধ্যম স্কুলে সাফাইকর্মী ছিল অক্ষয় শিন্ডে। তার বিরুদ্ধে অভিযোগ, স্কুলের চার বছরের যে দুই ছাত্রীর উপর লাগাতার যৌন নির্যাতন চালিয়েছিল সে। তদন্তে জানা গেছে, অন্তত ১০-১২ দিন ধরে ওই দুই শিশুর উপরে যৌন নিগ্রহ চালিয়েছিল অক্ষয়। সেই অত্যাচারের কারণে দুই শিশুর যৌনাঙ্গে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। এ ঘটনা ভয়ানক পীড়াদায়ক। তাই স্বাভাবিক ভাবে উত্তাল হয়ে ওঠে বদলাপুর।
পরে তদন্তে নেমে পুলিশ তাকে গ্রেফতার করে। তাকে তালোজায় জেল হেফাজতে রাখা হয়েছিল। কিন্তু এর পর আবার অক্ষয় শিন্ডের স্ত্রী তার বিরুদ্ধে মামলা করে। সেই তদন্তের সূত্রে ঠাণে ক্রাইম ব্রাঞ্চ সোমবার বিকেল সাড়ে ৫টায় সময়ে অক্ষয় শিন্ডেকে হেফাজতে নেয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ঠাণে নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশ জানিয়েছে মুম্বরা বাইপাসের কাছে পৌঁছতেই শিণ্ডে এক অফিসারের রিভলবার ছিনিয়ে নিয়ে দু-তিন রাউন্ড গুলি করে। তাতে এক পুলিশ অফিসার আহত হয়। এর পরই অন্য এক পুলিশ অফিসারের গুলিতে গুরুতর আহত হয় শিন্ডে। কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।
বদলাপুরের ওই স্কুলে ১ অগস্ট ঠিকা কর্মী হিসাবে কাজে লাগানো হয়েছিল অক্ষয় শিন্ডেকে। কিন্তু কাজে যোগ দিয়েই সে নোংরা কাজকর্ম শুরু করে বলে অভিযোগ। এও অভিযোগ যে পুলিশকে জানানো সত্ত্বেও দ্রুত ব্যবস্থা নেওয়া হয়নি। তাতে আরও ক্ষেপে যায় জনতা। দিনের পর দিন রেল অবরোধ হয়। বনধও ঘোষণা করা হয়। চাপের মুখে পড়ে ঠাণের পুলিশ কমিশনার, সিনিয়র পুলিশ ইন্সপেক্টর ও অ্যাসিসট্যান্ট সাব ইন্সপেক্টরকে সাসপেন্ড করেন উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। দেড় মাসের মধ্যেই ঘটনাচক্রে এনকাউন্টারে মারা গেল শিন্ডে।